সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইসলামি সংগীত ও গজল বিভাগে রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার ইসলামি সংগীতশিল্পী এম. শাহীন আলম। এ সাফল্যের মধ্য দিয়ে তিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় রংপুর বিভাগের আটজন প্রতিযোগীকে পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন তিনি। এম. শাহীন আলম উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের বাসিন্দা। তিনি আবাবিল শিল্প ও সাংস্কৃতিক পরিষদ, উলিপুরের সাবেক পরিচালক।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদ্যাপনের অংশ হিসেবে দেশব্যাপী প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম।
বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে এম. শাহীন আলম বলেন, ‘আলহামদুলিল্লাহ, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছি। এ অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করি। ইনশাআল্লাহ, জাতীয় পর্যায়েও প্রথম স্থান অর্জন করে কুড়িগ্রামের মুখ উজ্জ্বল করতে চাই।
তিনি আরও বলেন, ‘জাতীয় পর্যায়ে দেশের অনেক গুণী ও প্রতিভাবান শিল্পী অংশগ্রহণ করবেন। তাঁদের সঙ্গে প্রতিযোগিতা করা নিঃসন্দেহে কঠিন হবে। তবে নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো ফলাফল অর্জনের ব্যাপারে আমি আশাবাদী।
মন্তব্য করুন